আইন আদালত

চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশকে ধমক দিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পিএম

চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশকে ধমক দিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল
ছবি: সংগৃহীত

চকলেট খেতে বাধা দেওয়ায় আদালতে মেজাজ হারালেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। বুধবার (২৯ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালতে এ ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে শাহবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির সময়। আদালতে হাজির করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কামরুল ইসলামকে তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন একটি চকলেট দেন। চকলেটটি হাতে নিয়ে মুখে দেন কামরুল ইসলাম। কিন্তু এ দৃশ্য দেখে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আইনজীবীকে বাধা দেন এবং ধমক দেন।

এতে ক্ষুব্ধ হয়ে কামরুল ইসলাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “আমি ডায়াবেটিসের রোগী, এজন্য আমাকে চকলেট দেওয়া হয়েছে। এতে বাধা দেওয়ার কী আছে? বেয়াদব কোথাকার!”

এসময় তিনি উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন। এরপর পুলিশ ওই আইনজীবীকে কাঠগড়ার সামনে থেকে সরিয়ে দেয়।

ঘটনার সময় আদালতে উপস্থিত ছিলেন না হাকিম জুয়েল রানা। কিছুক্ষণ পর তিনি এজলাসে এসে কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে কামরুল ইসলামের অন্য আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী আদালতের অনুমতি চেয়ে বলেন, “কামরুল ইসলাম ক্যান্সার ও ডায়াবেটিসে আক্রান্ত একজন অসুস্থ মানুষ। সকালে কারাগার থেকে এনে দীর্ঘ সময় হাজতখানায় রাখা হয়, এখন তিনি ভীষণ দুর্বল। মানবিক কারণে অন্তত পানি ও চকলেট খাওয়ার অনুমতি দেওয়া উচিত।”

তবে আদালত সেই অনুমতি দেননি, যা নিয়ে হতাশা প্রকাশ করেন তার আইনজীবীরা।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট “জুলাই আন্দোলন”-এর সময় বাংলা মোটর ফুটওভার ব্রিজের মোড়ে আন্দোলনকারীদের ওপর ইটপাটকেল ও গুলি চালানোর অভিযোগে কামরুল ইসলামসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী ছিলেন গুলিবিদ্ধ আল আমিন ইসলাম ওরফে সোয়েব।

পরে ১৮ নভেম্বর ২০২৪ তারিখে ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।