আইন আদালত

পূর্বাচলে প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলসহ ৪৭ আসামির রায় আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৭ এএম

পূর্বাচলে প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলসহ ৪৭ আসামির রায় আজ
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) করা বহুল আলোচিত তিন মামলার রায় আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করবেন।

মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, অবৈধভাবে প্লট বরাদ্দ গ্রহণ এবং সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরির অভিযোগ আনা হয়েছে।

দুদক প্রথম মামলাটি করে ১৪ জানুয়ারি। শুরুতে এতে শেখ হাসিনাসহ আটজনকে অভিযুক্ত করা হয়। পরবর্তী তদন্ত শেষে চার্জশিটে আসামির সংখ্যা বাড়ে ১২ জনে। এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন-পুরবী গোলদার, খুরশীদ আলম, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, কাজী ওয়াছি উদ্দিন, শহিদ উল্লাহ খন্দকার ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

একই দিনে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে আসামি করে দ্বিতীয় মামলাটিও দায়ের করা হয়। তদন্তের পর এ মামলায় মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে রয়েছেন—সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, কাজী ওয়াছি উদ্দিন, শহিদ উল্লাহ খন্দকার, আনিছুর রহমান মিঞা, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন, নুরুল ইসলাম, মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, জাল রেকর্ড তৈরি, অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ গ্রহণ এবং রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরিতে তারা সরাসরি জড়িত ছিলেন। এ মামলার অন্যান্য আসামি হলেন-কবির আল আসাদ, তন্ময় দাস, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন, হাফিজুর রহমান, হাবিবুর রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রমুখ।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম জানান, তিন মামলাতেই সাক্ষ্য–প্রমাণে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে। রাষ্ট্রপক্ষ তাই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ সকল ৪৭ আসামির সর্বোচ্চ শাস্তি-যাবজ্জীবন কারাদণ্ড-প্রত্যাশা করছে।

রায়কে ঘিরে আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। দেশের অন্যতম আলোচিত এই মামলার রায় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক গুরুত্ব বহন করছে।