আইন আদালত

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠন করলেও দলগুলোকে নিজ নিজ দলীয় প্রতীকে ভোট করতে বাধ্য করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে বলা হয়েছে, নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকেই ভোটের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করা হয়েছে-যা অবৈধ ঘোষণা করা উচিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল ইসলাম এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।

এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম জানান, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে। রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম যুক্তি উপস্থাপন করবেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সরকার আরপিও সংশোধন করে জোটবদ্ধ নির্বাচনে শরিক দলগুলোকে নিজ নিজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা বাধ্যতামূলক করার বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করে। এর আগে কোনো জোটভুক্ত দল জোটের শরিক যেকোনো দলের প্রতীক ব্যবহার করতে পারত।

জোট করলেও দলীয় প্রতীকেই ভোট করার এই নতুন বিধান নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিএনপি। নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে তারা লিখিত আপত্তিও পাঠায়। জোট করার পরিকল্পনা থাকা কয়েকটি ছোট দলের মধ্যেও বিষয়টি নিয়ে অস্বস্তি সৃষ্টি হয়েছিল।

পরে সরকার বিধানটি বাদ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে-এমন খবর ছড়িয়ে পড়লে জামায়াতে ইসলামী তীব্র প্রতিক্রিয়া জানায়। শেষ পর্যন্ত বিতর্কিত বিধান রেখেই সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়।