আইন আদালত
ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করেন।
দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলমের আবেদনে বলা হয়, আসামিরা সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা যদি দেশের বাইরে চলে যান, তবে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়াটা জরুরি।
ওবায়দুল কাদের ছাড়াও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন সাবেক ১৩ সচিব, যাদের মধ্যে রয়েছেন- সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, ভূমি সচিব আবদুল জলিল, পানিসম্পদ সচিব ড. জাফর আহমেদ খান, সাবেক সিএএজি ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া, জ্বালানি সচিব ড. আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ অন্যান্য কর্মকর্তা।
মামলার সূত্রে জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণকৃত ৪০ একর জমি সরকারি অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদি লিজে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ২০১৮ সালের নীতিমালার মাধ্যমে স্থায়ী কর্মচারীদের জন্য ফ্ল্যাটের লিজ প্রদান করা হয়, যা সরকারি গেজেট প্রকাশের বাধ্যবাধকতা উপেক্ষা করে করা হয়।
দুদক নথিতে উল্লেখ করেছে, আসামিরা পরস্পরের সহযোগিতায় আইনবহির্ভূত নীতিমালা প্রণয়ন করেছেন এবং এতে দণ্ডবিধি ৪০৯, ৪২০, ১০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা লঙ্ঘন করেছেন।