আইন আদালত

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে নতুন সংসদের প্রথম অধিবেশন বসার আগেই জুলাই সনদ ও গণভোট ইস্যুটি এখন 'বিচারাধীন বিষয়' (Sub-judice) হিসেবে গণ্য হবে।

আজ মঙ্গলবার (৩ মার্চ), বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী বর্তমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার যুক্তিতে জুলাই সনদ ও গণভোট বাতিলের দাবিতে এই রিট দায়ের করেছিলেন। আদালত আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

শুনানিতে রিটকারী আইনজীবীরা দাবি করেন, বাংলাদেশের বিদ্যমান সংবিধানে বর্তমানে 'গণভোট' আয়োজনের কোনো আইনি সুযোগ বা বিধান নেই। এছাড়া 'জুলাই সনদ বাস্তবায়ন আদেশ' সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলেও তারা উল্লেখ করেন। আইনজীবীদের মতে, উচ্চ আদালতের এই হস্তক্ষেপের ফলে সংসদের প্রথম অধিবেশনে এই দুটি বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আলোচনার আইনি পথ সংকুচিত হয়ে পড়ল।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির এই আইনি প্রক্রিয়ার বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তিনি মনে করেন, একান্তই রাজনৈতিক ইস্যুগুলোকে আদালতের ওপর চাপিয়ে দেওয়া বা আইনি লড়াইয়ের বিষয়ে পরিণত করা বিচার বিভাগের জন্য ভালো কোনো নজির সৃষ্টি করবে না।

চার সপ্তাহ পর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এ বিষয়ে তাদের চূড়ান্ত রায় প্রদান করবেন।