আইন আদালত
রামিসা ধর্ষণ-হত্যা মামলা: মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের নথি আজ মঙ্গলবার হাইকোর্টে পাঠানো হতে পারে। তবে বিচারকের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর সম্পন্ন হওয়ার পরই নথি পাঠানোর প্রক্রিয়া শেষ হবে।
এর আগে রোববার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর সোমবার তাদের কনডেম সেলে স্থানান্তর করা হয়েছে।
মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়। গত ১ জুন সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরদিন ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই দিন মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়। এছাড়া ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেন। মাত্র চার কার্যদিবসের মধ্যেই মামলাটির বিচারকাজ সম্পন্ন হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।