আইন আদালত

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ২৪ সেপ্টেম্বর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার ৩৪ আসামির মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। মঙ্গলবার তাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। এ কারণে তাকে এ মামলায় আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ।

এ ছাড়া জামিনে থাকা চার আসামি মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন। মামলার বাকি ২০ আসামি শুরু থেকেই পলাতক রয়েছেন।

পলককে আদালতে হাজির করতে না পারায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।