সাহিত্য

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই
লাসলো ক্রাসনাহোরকাই। ছবি: সংগৃহীত

সাহিত্যে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি এই বিজয়ীর নাম ঘোষণা করে জানায়, “তার গভীর, দূরদৃষ্টিসম্পন্ন ও সৃষ্টিশীল সাহিত্যকর্মের” জন্য তাকে এবারের নোবেল প্রদান করা হয়েছে।

ক্রাসনাহোরকাইকে বলা হয় মধ্য ইউরোপীয় আধুনিক সাহিত্য-ঐতিহ্যের উত্তরসূরি। ফ্রান্ৎস কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের সাহিত্য-ধারায় তিনি এনেছেন নিজস্ব ভঙ্গি ও দৃষ্টিভঙ্গি। তাঁর লেখায় গ্রোটেস্ক বাস্তবতা, অ্যাবসার্ডতার গাঢ় রং এবং দর্শনঘেঁষা মনন সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য সাহিত্যভুবন।

তবে ক্রাসনাহোরকাই শুধু পশ্চিমা সাহিত্যভাবনার ভিতরে আবদ্ধ নন। তার লেখালেখিতে পূর্বের দার্শনিক চিন্তা ও ধ্যানমগ্নতারও গভীর প্রভাব রয়েছে। ফলে তার রচনায় একদিকে যেমন আবিষ্কৃত হয় ইউরোপীয় হতাশা ও বিচ্ছিন্নতা, অন্যদিকে তেমনি দেখা মেলে এক অনন্য ধীরতা, সূক্ষ্মতা ও আত্মঅন্বেষণের সুর।

এই লেখক আন্তর্জাতিকভাবে পরিচিত হন বিশেষ করে তার উপন্যাস "Satantango" ও "The Melancholy of Resistance"–এর মাধ্যমে। তার লেখা থেকে তৈরি বেলার ত্যার পরিচালিত সিনেমাগুলোও পেয়েছে বহু আন্তর্জাতিক স্বীকৃতি।

গত বছর, অর্থাৎ ২০২৪ সালের সাহিত্যে নোবেল পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং, তার মানবিকতা ও গভীর ভাষার জন্য। এবার ক্রাসনাহোরকাইয়ের পুরস্কার সেই ধারারই আরেক বিস্তার।