সাহিত্য

প্রখ্যাত লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

প্রখ্যাত লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
ছবি: সংগৃহীত

প্রখ্যাত লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পুত্রবধূ রাজিয়া রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৬৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহার নিশ্চিত করতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

অধ্যাপক ফজলুল হক ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র সম্পাদনার পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘মুক্তিসংগ্রাম’, ‘কালের যাত্রার ধ্বনি’, ‘সাহিত্য চিন্তা’, ‘রাজনীতি দর্শন’, ‘সংস্কৃতির সহজ কথা’, ‘উনিশ শতকের মধ্যশ্রেণি ও বাংলা সাহিত্য’, ‘মানুষ ও তার পরিবেশ’সহ নানা বিষয়ভিত্তিক রচনা। এছাড়া বার্ট্রান্ড রাসেলের রাজনৈতিক আদর্শের বাংলা অনুবাদসহ ২০টির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার।

অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও গবেষণা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।