সাহিত্য

জাতীয় কবির সম্মানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

জাতীয় কবির সম্মানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি
ছবিঃ সংগৃহীত

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় চেতনার অন্যতম প্রেরণার উৎস জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সম্মান জানাতে সরকার আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। 

আজ রবিবার (২১ জুন) গেজেট জারি করা হয়েছে, যা জাতীয় কবির সাহিত্য, দর্শন ও মানবতাবাদী আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 

এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে। ঘোষণাটি গত ২৫ মে থেকেই কার্যকর হয়েছে।

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে সেই ঘোষণার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সরকার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে। 

সংশ্লিষ্টরা বলছেন, এ বছরব্যাপী আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা অঙ্গনে নজরুলচর্চা নতুন মাত্রা লাভ করবে এবং তরুণ প্রজন্ম জাতীয় কবির অসাম্প্রদায়িক ও মানবিক আদর্শে আরও বেশি উদ্বুদ্ধ হবে।