সাহিত্য

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৪১ পিএম

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন
ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, গবেষক, সম্পাদক ও সাহিত্যসেবী ছিলেন। ১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা আল মুজাহিদী ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তার কবিতায় বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের গভীর অন্বেষণ প্রতিফলিত হয়েছে।

দীর্ঘ সাহিত্যজীবনে তিনি কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নতুন লেখকদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৩ সালে একুশে পদক অর্জন করেন। তাঁর সাহিত্যকর্মে গ্রামীণ জীবন, ইতিহাস, সমাজ ও মানবিক মূল্যবোধ গভীরভাবে উঠে এসেছে।

তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্যপ্রেমীরা মনে করছেন, তার কবিতা ও চিন্তাধারা ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রেরণা জোগাবে।