জাতীয়

জামিন পাওয়া আ.লীগের নেতা-কর্মীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

জামিন পাওয়া আ.লীগের নেতা-কর্মীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীরা যদি কোনো অপরাধে জড়িত হন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৫ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, "নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, আর এর জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী হুমকি বা কোনো প্রকার বাধা-বিপত্তি থাকলে তা মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।"

তিনি আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোও যেন আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং জনগণ যেন নির্ভয়ে ভোট প্রদান করতে পারে।

এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "যারা জামিন পেয়েছে এবং নির্বাচনের আগে অপরাধে জড়িয়ে পড়বে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময় মিথ্যা প্রচারণা বা গুজব ছড়ানোও সহ্য করা হবে না, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"

তিনি পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানোর বিষয়টি উল্লেখ করে বলেন, "সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন, তাহলে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তা সবচেয়ে কার্যকর হবে, এজন্য তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।"

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে উপদেষ্টা বলেন, "এসব সমস্যা সমাজে বাড়ছে এবং সেগুলোর প্রতিকার নিয়ে সরকার কাজ করছে।"

সভায় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরে তিনি গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন অনুষ্ঠানে যোগদান করেন।