জাতীয়

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

চীনের দালিয়ান শহর থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে যাত্রা করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজনে ‘গ্রীষ্মকালীন দাভোস’ শীর্ষক বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সভায় অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি এবং বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে ২২ জুন মালয়েশিয়া থেকে তিন দিনের সফরে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।