মতামত
ভুলের পুনরাবৃত্তি হলে বর্তমান সরকারকে অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে: তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারকে অবশ্যই মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে তারা ক্ষমতায় এসেছে এবং তাদের দায়িত্ব কী। তিনি সতর্ক করে বলেন, তারা যদি একই ভুলের (গুম ও নির্যাতন) পুনরাবৃত্তি করে তাহলে নতুন করে ইতিহাস রিপিট হবে, সরকারকে অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে।
রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার সংগঠন ওএমসিটি ও অধিকার আয়োজিত নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, যেই প্রক্রিয়ায় সরকার এসেছে, সেই প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে তাদের মানবাধিকার, আইন এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলা উচিত। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের অধিকার রক্ষায় সচেতন থাকবে।
তিনি আরও জানান, গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে।