রাজনীতি
সিলেটের পাথরকাণ্ডে বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন ফিরে পেলেন পদ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর লুটের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে তার প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদ-পদবি ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে আগে দেওয়া সব ধরনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তার দলীয় পদগুলো পুনঃস্থাপন করা হলো।
এর আগে গত আগস্টে সাদাপাথর লুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার পর সাহাব উদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের সময় তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তার সব দলীয় পদ স্থগিত করা হয়।
পরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে র্যাব-৯ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
দলীয় সিদ্ধান্তে সাহাব উদ্দিনের পদ পুনর্বহাল হওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।