রাজনীতি

আজ নির্বাচন কমিশনে যাবে এনসিপির প্রতিনিধিদল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ এএম

আজ নির্বাচন কমিশনে যাবে এনসিপির প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র একটি প্রতিনিধিদল আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবে। শনিবার রাতে দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মুশফিক জানান, আজ ইসি কার্যালয়ে উপস্থিত থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। তবে ঠিক কী কারণে এনসিপির এই প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত এনসিপি বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলটি ‘শাপলা’ প্রতীককে নিজেদের রাজনৈতিক প্রতীক হিসেবে দাবি করে আসছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই, তাই এনসিপিকে ওই প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

এর আগে, চলতি মাসের ৯ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছিল এনসিপির প্রতিনিধিদল। তবে সেদিনও প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির আজকের এই সাক্ষাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলটির পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।