রাজনীতি
চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির
যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে জামায়াত আমির বলেন, বিকাল আনুমানিক ৩ টায় রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার নিন্দা জানাই।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সবার ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে?
সর্বশেষ তিনি উল্লেখ করেন, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। দেশকে যারা ভালোবাসেন, তাদের সবার প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, শনিবার বিকেলে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে লেগুনা চালক সাগর মিয়াকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।