প্রবাস

ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ ১ অক্টোবর, চলতি মাসেই আগাম আবেদন


প্রবাস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম

ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ ১ অক্টোবর, চলতি মাসেই আগাম আবেদন
ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ ১ অক্টোবর। ছবি: সংগৃহীত

ইতালিতে ২০২৫ সালের স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিন ‘ক্লিক ডে’ নির্ধারিত হয়েছে আগামী ১ অক্টোবর। ইতোমধ্যে চলতি জুলাই মাসজুড়ে আগাম আবেদনপত্র পূরণ ও জমা রাখার কাজ শুরু হয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে আবেদনকারীরা ফরম পূরণ করে সংরক্ষণ করতে পারবেন। এই প্রস্তুতিপর্ব শেষ হবে ৩১ জুলাই। এরপর ১ অক্টোবর নির্ধারিত সময়ে ‘ক্লিক ডে’ শুরু হবে, যেদিন জমাকৃত আবেদনগুলো প্রক্রিয়াকরণের জন্য জমা দেওয়া যাবে।

২০২৩-২০২৫ সময়কালের জন্য ইতালি সরকার মোট ৪ লাখ ৫২ হাজার বিদেশি শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নেয়। এই তিন বছরের কোটার চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে আসন্ন ক্লিক ডে’র মাধ্যমে।

তবে, ইমিগ্রেশন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সুযোগকে কেন্দ্র করে দালাল চক্র আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। এজন্য বাংলাদেশি আবেদনকারীদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ইতালির বর্তমান সরকার ২০২৬-২০২৮ মেয়াদে আরও পাঁচ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে পার্লামেন্টে সমালোচনা ঝড় তুলেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি।

তাদের অভিযোগ, বিদেশিদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণার মাধ্যমে ক্ষমতায় আসা জর্জিয়া মেলোনি সরকার এখন নিজ অবস্থান থেকে সরে এসেছে। এছাড়া বিদেশিদের মাধ্যমে অপরাধপ্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেছে বিরোধীরা।