প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে আরও ২ জন


প্রবাস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পিএম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে আরও ২ জন
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত অবস্থায় আরও দুই বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহতদের মধ্যে রয়েছেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)। বর্তমানে তারা কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় টয়োটা আভানজা মডেলের একটি গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশপ্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গাড়ির চালক মো. সাবের হাসানের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ব্যবহৃত গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়।

পুলিশ এই দুর্ঘটনার তদন্ত করছে ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী। একইসঙ্গে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গাড়িটির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করা হবে এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মালয়েশিয়ান পুলিশ কর্তৃপক্ষ সকলকে আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে এবং বিশেষ করে রাতের বেলা মহাসড়কে ভ্রমণের সময় গাড়ির সুরক্ষা ও রোড পারমিটের বিষয়গুলো নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।