প্রবাস

এটিএম বুথ থেকে টাকা চুরি, কুয়েতে বাংলাদেশি গ্রেপ্তার


প্রবাস ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:০৫ এএম

এটিএম বুথ থেকে টাকা চুরি, কুয়েতে বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুয়েতে এটিএম বুথ থেকে প্রতারণার মাধ্যমে টাকা চুরির অভিযোগে এক বাংলাদেশিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশি নাগরিক রাজু এবং দুই পাকিস্তানি।

অভিযোগ রয়েছে, তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

সোমবার (৪ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, রাজু কুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে এবং অপর দুই পাকিস্তানি মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বায়োমেট্রিক বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনদের চিহ্নিত করা সম্ভব হয়। রাজধানীর বাংলাদেশ অধ্যুষিত এলাকা জিলিব আল-শুয়েখ থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৫,০০০ কুয়েতি দিনার, বিভিন্ন দেশের ব্যাংক কার্ড, সিমকার্ড এবং অবৈধ অর্থ স্থানান্তরের স্লিপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে রাজুর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, কুয়েতি নাগরিক ও প্রবাসীদের লক্ষ্য করে চক্রটি কার্ডলেস এটিএম ব্যবস্থার ফাঁকফোকর ব্যবহার করে টাকাগুলো উত্তোলন করতো। বুথে থাকা সিসিটিভি ফুটেজ ও রাজুর বায়োমেট্রিক ডেটার মাধ্যমে মিল খুঁজে পায় গোয়েন্দারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই জালিয়াত চক্রের মূল কেন্দ্র পাকিস্তানে অবস্থিত এবং কুয়েতসহ কয়েকটি দেশে তাদের শাখা রয়েছে। আন্তর্জাতিক অর্থপাচার ও সাইবার অপরাধ দমন ইউনিট এখন পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত জোরদার করেছে।