প্রবাস
এবার প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল সৌদি আরব
সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য আসছে বড় সুখবর। দেশটির সরকার নতুন একটি স্বেচ্ছাসেবী পেনশন এবং সঞ্চয় কর্মসূচি চালুর ঘোষণা দিতে যাচ্ছে, যার সুফল পাবেন সৌদি নাগরিকদের পাশাপাশি বিদেশি কর্মীরাও।
এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে—দেশি-বিদেশি শ্রমিকদের ব্যক্তিগত সঞ্চয় বাড়ানো এবং প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ নিয়ন্ত্রণে আনা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ “আর্টিকেল আইভি কনসালটেশন” প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সৌদি আরবের অর্থনৈতিক সংবাদমাধ্যম আল ইকতিসাদিয়া, সূত্র সৌদি গেজেট।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সৌদি আরব থেকে বিভিন্ন দেশে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৪.২ বিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৩৮.৪ বিলিয়ন মার্কিন ডলার)। গত এক দশকে এই রেমিট্যান্সের মোট পরিমাণ পৌঁছেছে ১.৪৩ ট্রিলিয়ন রিয়ালে।
২০২৫ সালের প্রথম তিন মাসে সৌদি আরবে সামাজিক বীমার আওতায় নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ছিল ১ কোটি ২৮ লাখ, যার মধ্যে ৭৭ শতাংশই ছিলেন বিদেশি কর্মী।
পেনশন সংস্কার এবং নতুন উদ্যোগ:
আইএমএফ জানিয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে সৌদি সরকার যে পেনশন সংস্কার অনুমোদন করেছে, তাতে অবসরের বয়স বাড়ানো এবং পেনশন সুবিধায় কিছু সীমাবদ্ধতা আনা হয়েছে—যা দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।
নতুন স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় প্রকল্পটি খুব শিগগিরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। সৌদি নাগরিক এবং প্রবাসী—উভয়ই এই সুবিধার আওতায় আসতে পারবেন।
আইএমএফ এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং জানিয়েছে, এটি ভবিষ্যতের আর্থিক সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।