প্রবাস
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষার্থী নিহত
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ফেনীর এক শিক্ষার্থী মো. আদিব ফারহান (২০) প্রাণ হারিয়েছেন। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টার দিকে নিউক্যাসেল শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিব ফারহান ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি অস্ট্রেলিয়ার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, আদিব ফারহান তার চার বন্ধুর সঙ্গে ভোরে প্রাইভেটকারে নাস্তা করতে বেরিয়েছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আদিবসহ চার বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিবসহ দুই বন্ধুকে মৃত ঘোষণা করেন। বাকি দুই বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের চাচা আবুল হাসনাত স্বপন বলেন, “ছয় মাস আগে আদিব ফারহান উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিল। পরিবারের সবচেয়ে বড় ও মেধাবী সন্তানকে হারানোর খবর শোনার পর থেকে তার মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।”
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম জানান, স্থানীয়ভাবে লোকজনের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়েছেন। তিনি আরও বলেন, “নিহতের পরিবার মরদেহ দেশে আনার জন্য কোনো সহায়তা চাইলে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”