প্রবাস

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২১ বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসী গ্রেফতার


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২১ বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসী গ্রেফতার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২১ জন বাংলাদেশিসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও সিটি হল কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে লোরং হাজি তাইব এবং কেপংয়ের কয়েকটি এলাকাজুড়ে চালানো হয় এই যৌথ অভিযান। মালয়েশিয়ার জনপ্রিয় দৈনিক সিনার হারিয়ান জানিয়েছে, অভিযান চলাকালে বেশিরভাগ বিদেশি ব্যবসায়ী আগেই পালিয়ে গেলেও, কর্তৃপক্ষ ১২ জন অবৈধ অভিবাসীকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন ৮ জন বাংলাদেশি, ২ জন ইন্দোনেশিয়ান, ১ জন ভারতীয় ও ১ জন পাকিস্তানি। এদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই দিন দুপুরে রাজধানীর একটি হোটেলে আরও একটি অভিযান চালানো হয়। সেখানে ২১ জন পুরুষ ও ১৩ জন নারীসহ মোট ২৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১২ জন ইন্দোনেশিয়ান এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।

এছাড়া অবৈধ অভিবাসী নিয়োগে সহায়তার অভিযোগে দুইজন মালয়েশিয়ান নাগরিককেও আটক করা হয়েছে।

অভিযানের পর স্থানীয় ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। লোরং হাজি তাইব এলাকার এক ব্যবসায়ী রোসনি (৬১) বলেন, "বিদেশিরা এখন ব্যবসা করছে, আবার স্থানীয়দের পারমিট ভাড়া নিয়ে পুরো এলাকা দখল করছে। এলাকা নোংরা হয়ে যাচ্ছে। এসব থামাতে নিয়মিত অভিযান দরকার।"

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি জানিয়েছেন, এসব অভিযান আরও জোরদার করা হবে এবং অবৈধ অভিবাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।