প্রবাস
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হলেন সোমা সাঈদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হিসেবে অভূতপূর্ব সম্মান অর্জন করেছেন সোমা এস সাঈদ। একই সঙ্গে তিনি নিউইয়র্ক সিটির কুইন্স অঞ্চলের প্রথম মুসলিম বিচারপতি হিসেবেও ইতিহাস গড়েছেন।
তিনি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছেন।
গতকাল বুধবার (৫ নভেম্বর) রাতে সোমা সাঈদের পরিবারের সদস্য বুরহান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচনে তিনি দুই লাখ ৬০ হাজারের বেশি ভোট পেয়ে এই ঐতিহাসিক অর্জন সম্পন্ন করেন।
নিজের এই অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে বিচারপতি সোমা সাঈদ বলেন, এটি শুধু আমার নয়, আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।
সোমা সাঈদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।
২০২১ সালে তিনি নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে আইনি, নাগরিক ও মানবাধিকার অঙ্গনে তিনি হয়ে ওঠেন এক প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্ব।
বর্তমানে তিনি তাঁর স্বামী মিজান চৌধুরী— যিনি একজন আইটি বিশেষজ্ঞ ও রাজনৈতিক কৌশলবিদ—সহ নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।
বিচারপতি সোমা সাঈদ বৈচিত্র্য, ন্যায়বিচার ও প্রতিনিধিত্বের প্রতি তাঁর অবিচল অঙ্গীকারের জন্য সুপরিচিত।
তিনি নিউইয়র্কের আইনি অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য— নিউ ইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি, ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য, নিউইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংস্থার সদস্য।
এছাড়াও, তিনি ছিলেন কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি।