প্রবাস
৪৯ বাংলাদেশিসহ ১১১ প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
মালয়েশিয়া ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। সাজার মেয়াদ শেষে নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।
জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত নোটিশে জানানো হয়, ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশি ৪৯ জন ছাড়াও রয়েছেন-ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে নাগরিক।
প্রত্যাবাসন কার্যক্রমে কেএলআইএ-১ ও কেএলআইএ-২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করা হয়েছে।
ফেরত পাঠানোর খরচ এসেছে প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে।
জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজার মেয়াদ শেষ হওয়া বিদেশিদের অতিরিক্ত অবস্থান রোধে নিয়মিতভাবেই এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়।