প্রবাস
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটার নিবন্ধন ২৯ হাজার ছাড়াল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন দ্রুতগতিতে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার আগ পর্যন্ত প্রবাসী নিবন্ধনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০০ জনে। নির্ধারিত সময় শেষে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে ব্যালট পেপার।
ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চলছে, যা শেষ হবে ২৮ নভেম্বর। অন্যদিকে, ২৩ নভেম্বর রাত ১২টার পর থেকে (২৪ নভেম্বর) উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে—চলবে একই সময় পর্যন্ত।
নিবন্ধন চলমান দেশগুলোর তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। এসব দেশ থেকে এখন পর্যন্ত ২৯ হাজারেরও বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
এ ছাড়া অঞ্চলভিত্তিক নিবন্ধনের জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করেছে ইসি।
সৌদি আরব: ৪–৮ ডিসেম্বর
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া: ৯–১৩ ডিসেম্বর
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ (সৌদি বাদে): ১৪–১৮ ডিসেম্বর
বাংলাদেশে অবস্থানরত সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি ও অন্যান্য দেশে বসবাসরত ভোটারদের জন্য: ১৯–২৩ ডিসেম্বর
ইসি জানায়, অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ভোটারদের ব্যালট পূরণ করে নির্দিষ্ট ফেরত খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। কমিশন জানিয়েছে, এবার প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে তারা-যা দেশে বসবাসরত নয়, এমন নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।