সারাদেশ

থানায় জিডি করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

থানায় জিডি করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে জমি ও পারিবারিক বিরোধের জেরে মিজানুর রহমান (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে রিকশা-ভ্যানের গতিরোধ করে তার ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া (পোড়ারহাট) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বাড়ির পাশে পোড়ারহাট বাজারে তার একটি মুদি দোকান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবেশী আব্দুল কাফি মুন্সির সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুরের বিরোধ ও মামলা চলছিল। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে বসে থাকার সময় প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেল দিয়ে তার পায়ে ধাক্কা দেন বলে অভিযোগ। এ নিয়ে প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মিজানুরকে হত্যার হুমকি দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।

এরপর মিজানুর তার মা আজুবা বেগমকে সঙ্গে নিয়ে মিঠাপুকুর থানায় জিডি করতে যান। রাতে জিডি করে বাড়ি ফেরার পথে দোকানের কাছাকাছি পৌঁছালে একদল ব্যক্তি তাদের বহনকারী রিকশা-ভ্যানের পথরোধ করেন।

নিহতের পরিবারের অভিযোগ, নুরনবী, নুর মোহাম্মদ, মাসুদ, মোস্তাফিজার, কালাম ও মাহফুজারসহ ১০ থেকে ১২ জন বঁটি, রামদা, ছুরি ও লাঠি নিয়ে মিজানুরের ওপর হামলা চালান। প্রথমে তাকে ভ্যান থেকে নামিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়।

এ সময় ছেলেকে বাঁচাতে আজুবা বেগম হামলাকারীদের কাছে হাতজোড় করে মিনতি করলেও তাকে সরিয়ে দিয়ে মিজানুরের ওপর ফের হামলা চালানো হয় বলে অভিযোগ। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের মা আজুবা বেগম বুধবার মিঠাপুকুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বোন রেখা বেগম বলেন, তার ভাই নিয়মিত ফোন করে পরিবারের খোঁজখবর নিতেন। তাকে বিনা দোষে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

প্রতিবেশী দেলোয়ার হোসেন ও আব্দুল করিম জানান, মিজানুরকে ভ্যান থেকে নামিয়ে প্রথমে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।