সোশ্যাল মিডিয়া

আবারও ভাইরাল 'মধু রনি', এবার লিচুর নাম দিলেন ‘বসন্তের কোকিল’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:৫৩ এএম

আবারও ভাইরাল 'মধু রনি', এবার লিচুর নাম দিলেন ‘বসন্তের কোকিল’
ভাইরাল ফল বিক্রেতা রনি। ছবি: সংগৃহীত

‘মধু রনি’ নামটা এখন আর অপরিচিত নয়। ‘ওই কীরে, ওই কীরে, মধু, মধু.... রসমালাই’, তরমুজ বিক্রি করার সময় এই কথাগুলো বলে ভাইরাল হওয়া এই ফল বিক্রেতা আবারও নেটদুনিয়ার হট টপিক। তবে এবার তরমুজ নয়, লিচু নিয়েই ফিরলেন আলোচনায়। আর লিচুর জন্য এবার নাম রেখে দিয়েছেন ‘বসন্তের কোকিল’। যা শুনেই হেসে ফেলছে মানুষ।

রনির যুক্তি খুবই সোজা, আবার দারুণ কাব্যিক। "বসন্তে যেমন কোকিল একবার ডাকে, লিচুও আসে বছরে একবার। তাই নাম দিলাম বসন্তের কোকিল!"— বললেন রনি তার স্বভাবসুলভ আবেগী কণ্ঠে।

এই ব্যতিক্রমী নাম আর রনির প্রাণবন্ত উপস্থাপনা সোশ্যাল মিডিয়ায় নতুন করে ঝড় তুলেছে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম রিলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাখো মানুষ ভিডিওটি দেখেছেন, শেয়ার করেছেন এবং তার সংলাপ নকল করে নতুনভাবে পরিবেশন করছেন। অনেকেই বলছেন, এটা যেন একধরনের লোকজ বিজ্ঞাপন— হাস্যরসের সঙ্গে হৃদয়ের সংযোগ।

এর আগেও ভাইরাল হয়েছিলেন রনি, যখন কারওয়ান বাজারে তরমুজ বিক্রির সময় বলেছিলেন, "মধু রসমালাই, তরমুজ খা ভাই!" সেই ভাইরালিতার আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। ইউটিউবার আর দর্শনার্থীর ভিড়ে ক্রেতা হারিয়ে ফেলেন রনি। আশপাশের দোকানদাররাও অসন্তোষ প্রকাশ করেন। ভাইরাল হওয়া যেন একরকম বিড়ম্বনায় রূপ নেয় তার জন্য।

রনির বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার। প্রায় ১৫ বছর ধরে ঢাকার কারওয়ান বাজারে মৌসুমি ফল বিক্রি করে আসছেন তিনি। কিশোর বয়সেই শুরু করেছিলেন তরমুজ বিক্রি।

ভাইরাল হওয়ার সুবাদে বিজ্ঞাপনের ডাকও পেয়েছেন রনি। কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছেন মডেল হিসেবে। তবে সেই অভিজ্ঞতা খুব সুখকর নয়। রনির অভিযোগ, "বলা হয়েছিল উপহার দেবে, ভালো টাকা দেবে, কিন্তু কেউ কিছুই দেয়নি। শুধু ব্যবহার করেছে।"

তবুও থেমে নেই রনি। তাঁর মুখে এখনো হাসি, সংলাপে এখনো ছন্দ। লিচুর মৌসুমে নিজের মতো করে বলছেন, “এই যে ভাই, বসন্তের কোকিল! বছরে একবার আসে, খেয়ে দেখেন, মধু না খেলে বুঝবেন না।”