সোশ্যাল মিডিয়া

এখন জনগণের ভয়ে সরকারই পোস্ট ডিলিট করে: আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:০৯ এএম

এখন জনগণের ভয়ে সরকারই পোস্ট ডিলিট করে: আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

আগে মানুষ সরকারকে ভয়ে পোস্ট ডিলিট করতো, আর এখন সরকারই জনগণের ভয়ে পোস্ট মুছে দেয়—এমন বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুকে একটি ড্রোন শোর ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “আগে মানুষ খুনি সরকারের ভয়ে পোস্ট ডিলিট করতো, এখন সরকারই জনগণের ভয়ে পোস্ট ডিলিট করে।”

এই কথাগুলো ড্রোন শোর মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক বছর পূর্তি উপলক্ষে ‘Do You Miss Me’ শিরোনামে এই ড্রোন শো’র আয়োজন করা হয়।

ড্রোন শোর মাঝখানে ইংরেজিতে একটি বার্তা ভেসে ওঠে, যার বাংলা করলে দাঁড়ায়: “আগে মানুষ খুনি সরকারের ভয়ে পোস্ট ডিলিট করত, এখন সরকার জনগণের ভয়ে পোস্ট ডিলিট করে।”

উল্লেখ্য, এই ড্রোন শোকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়, কারণ এর আগের দিন (৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একটি পোস্ট করেন, যা ঘিরে বিতর্কের ঝড় উঠে। ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত তিনি সেই পোস্টটি সরিয়ে ফেলেন।