সোশ্যাল মিডিয়া

এবার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করতে আলটিমেটাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:০৮ পিএম

এবার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করতে আলটিমেটাম
তৌহিদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) সরকারের প্রতি গ্রেফতারের আলটিমেটাম জারি করেছে। সংগঠনটির দাবি, আফ্রিদি শুধু বর্তমান সময় নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থের যোগানদাতা ছিলেন।

রোববার (১৭ আগস্ট) সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়, “আফ্রিদিকে গ্রেফতারে এখন মাত্র ২৬ ঘণ্টা বাকি। নাটক নয়, সরাসরি গ্রেফতার চাই।” এ পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারকে সরাসরি হুঁশিয়ার করা হয়।

তবে এ বিষয়ে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে আজ তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

tawhid afridi1_Dhakaprokash.jpg
তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী। ছবি: সংগৃহীত

ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

উক্ত মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়। প্রধান আসামি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় ও তৃতীয় আসামি যথাক্রমে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তৌহিদ আফ্রিদির নাম রয়েছে ১১ নম্বর আসামি হিসেবে, আর তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বরে।

মামলাটি দায়ের করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি, যিনি দাবি করেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারি অভিযানের সময় মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।