সোশ্যাল মিডিয়া

আগের সংসার নিয়ে মুখ খুললেন তনির স্বামী সিদ্দিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম

আগের সংসার নিয়ে মুখ খুললেন তনির স্বামী সিদ্দিক
স্বামীর সঙ্গে তনি। ছবি: সংগৃহীত

আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে তনির বর্তমান স্বামী মো. সিদ্দিকের আগের সংসারের সন্তানদের ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই সহমর্মিতা প্রকাশ করেছেন। কেউ কেউ ধারণা করছেন, তনির কারণে সিদ্দিকের আগের সংসার ভেঙে গেছে।

তবে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিদ্দিক নিজেই। সোমবার (১৩ অক্টোবর) তিনি ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন, যা পরে তনি নিজেও তার টাইমলাইনে শেয়ার করেন।

সিদ্দিক লেখেন— “গতকাল আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী। এরপর থেকে দেখি আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমি সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে অনেকে এমন কিছু নিয়ে অনুমান করছেন যা তারা জানেন না।”

তিনি আরও লেখেন, “অনেকে আমার অতীত, প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার বাচ্চাদের নিয়ে আলোচনা করছেন। তারা নাবালক—তাদের কোনোভাবেই সোশ্যাল মিডিয়া ট্রোলিং বা আলোচনার অংশ হওয়া উচিত নয়। ২০১৯ সালে আমার বিবাহবিচ্ছেদ হয়েছে, প্রাক্তন স্ত্রী এখন নিজের জীবন নিয়ে সুখে আছেন। সন্তানরা নির্দোষ—তাদের গোপনীয়তা ও শান্তি প্রাপ্য।”

 

নিজেদের সম্পর্ক আইনসিদ্ধ ও সম্মানজনক বলেও উল্লেখ করেন সিদ্দিক। তিনি বলেন, “আমি ও তনি দুজনই প্রাপ্তবয়স্ক। তনি একজন বিধবা নারী। আমরা কোনো আইন ভঙ্গ করিনি, কাউকে অসম্মানও করিনি। আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি—এটাই চাই অন্যরা সম্মান করুক।”

পোস্টের শেষে তিনি আহ্বান জানান, “আসুন আমরা দয়া ও ইতিবাচকতার ওপর মনোযোগ দিই। যারা আমাদের সমর্থন করছেন এবং ব্যক্তিগত জীবনকে সম্মান করছেন, সবাইকে ধন্যবাদ।”

এই পোস্টটি শেয়ার করে তনি নিজের মন্তব্যে লেখেন, “না জেনে না বুঝে বাচ্চাদের যারা সব কিছুতে জড়িত করেন, এটা খুব খারাপ। আমাকে নিয়ে নিউজ করেন, পোস্ট দেন—সমস্যা নেই। এতে আমার আইডির ফলোয়ারই বাড়ে।”

এর আগে রোববার দিবাগত রাতে (১৩ অক্টোবর) সিদ্দিক নিজের ফেসবুকে জন্মদিন উপলক্ষে স্ত্রী তনির সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

তনি সেই পোস্টে মন্তব্য করেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”

 

tithi-Dhaka Prokah News-13-10-2025.jpg
স্বামীর সঙ্গে তনি। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। সেই সময় তার ও তনির বয়সের পার্থক্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ফেসবুক লাইভে এলে নানা ধরনের ট্রল ও মন্তব্যের মুখোমুখি হয়েছিলেন এই নারী উদ্যোক্তা।