সোশ্যাল মিডিয়া

ডিসেম্বরে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন: পিনাকী ভট্টাচার্য


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

ডিসেম্বরে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন: পিনাকী ভট্টাচার্য
ড. পিনাকী ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসতে পারে ডিসেম্বর মাসে- এমন দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিনাকী ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, ডিসেম্বরেই সরকারের দুইজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন।

সোমবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন তিনি।

পিনাকী ভট্টাচার্য লিখেছেন, “আমি আগেই বলেছিলাম, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আজ প্রফেসর মুহাম্মদ ইউনূসের সংবাদ সম্মেলনে এ বিষয়ে নির্দেশনা আসতে পারে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে ডিসেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের দুইজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব মেনে নেবে না। ফলে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে কতটা অটল থাকতে পারবে, তা নিয়ে আমার সন্দেহ আছে।”

পিনাকী তার পোস্টে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করে আরও লেখেন, “অনেক জটিলতা এখনো বিদ্যমান। সব কিছু বিবেচনা করেই সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এবার খেলা হবে সমানে সমান।”

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে বর্তমানে রয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এর আগে ছাত্রনেতা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল ‘ন্যাশনাল চেঞ্জ পার্টি (এনসিপি)’ গঠনের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পিনাকীর এই মন্তব্য সামনের নির্বাচনী প্রক্রিয়া ও অন্তর্বর্তী সরকারের স্থিতি নিয়ে নতুন আলোচনা তৈরি করতে পারে।