সোশ্যাল মিডিয়া

খালেদা জিয়াকে নিয়ে নোংরা মন্তব্য, কে এই জামায়াত কর্মী মাহমুদুল হাসান?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

খালেদা জিয়াকে নিয়ে নোংরা মন্তব্য, কে এই জামায়াত কর্মী মাহমুদুল হাসান?
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নোংরা ও বিকৃত মন্তব্য করে সামাজিক যোগাযোগ-মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছেন জামায়াত-শিবিরপন্থী হিসেবে পরিচিত মাহমুদুল হাসান।

তার ওই মন্তব্যকে সামাজিক-মাধ্যম ব্যবহারকারীরা নারী বিদ্বেষী, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে প্ররোচনামূলক হিসেবে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি ফেসবুকে করা এক পোস্টে খালেদা জিয়ার কথোপকথনের একটি অংশ বিকৃতভাবে উপস্থাপন করেন মাহমুদুল হাসান।

প্রকৃত বক্তব্যের মাঝ থেকে কয়েক সেকেন্ড বাদ দিয়ে এমনভাবে দেখানোর চেষ্টা করা হয় যেন খালেদা জিয়া “সবার স্বামী” বলে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। পরে ভিডিও দেখে বহু ব্যবহারকারী মন্তব্য করেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিকৃত উপস্থাপন।

মাহমুদুল হাসান ‘গার্ডিয়ান পাবলিকেশন্স’-এর ব্যবস্থাপনা পরিচালক, যা মূলত ইসলামি বই প্রকাশের সঙ্গে যুক্ত। তার অতীত রাজনৈতিক যোগসূত্র নিয়ে অনলাইনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিবির নেতাদের সঙ্গে তার একাধিক ছবি ইতোমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরছে। এমনকি জামায়াতের সাবেক এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানীর সঙ্গে একই গাড়িতে নির্বাচনী প্রচারণা মিছিলে অংশ নেওয়ার দৃশ্যও সামাজিকমাধ্যমে দেখা গেছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—জামায়াতে ইসলামীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও, দলের পক্ষ থেকে কি এই নারী-বিদ্বেষী কটূক্তির নিন্দা জানানো হবে, নাকি এ ঘটনাকে নীরবে সমর্থন করা হবে? কারণ অতীতে বিএনপির রাজনৈতিক ছায়ায় টিকে থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য জামায়াতপন্থী মহলের উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলেছে।

বিএনপি সমর্থক ও সাধারণ ব্যবহারকারীরা বলছেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন বয়স্ক ও অসুস্থ নারী নেত্রীকে নিয়ে এ ধরনের বিকৃত কটাক্ষ করা শুধু অনৈতিকই নয়, রাজনৈতিক শালীনতায়ও আঘাত।

তারা আরও প্রশ্ন তুলেছেন—যে নেত্রীর রাজনৈতিক অবস্থান থেকে জামায়াত বহুবার উপকৃত হয়েছে, সেই নেত্রীকেই কি এখন অপমান করে রাজনৈতিক মুনাফা হাসিলের চেষ্টা করা হচ্ছে?

ঘটনাটি নিয়ে অনলাইন জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে ।