রাজধানী
বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক রেস্তোরাঁ কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিলন।
সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর মেইন রোডসংলগ্ন এল ব্লকের ২/১ নম্বর সড়কের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসা থেকে ফাতেমা আক্তার লিলির মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
এ ঘটনায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে যেকোনো সময় ওই স্কুলছাত্রীকে হত্যা করা হতে পারে।
নিহত ফাতেমা আক্তার লিলি বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তার মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় বসবাস করত। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়। লিলির বাবা সজীব মিয়া বনশ্রী এলাকায় একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করেছে। গ্রেপ্তার হওয়া মিলনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।