রাজধানী

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না, দিতে হবে ছাদ ও মূল গেটের চাবি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না, দিতে হবে ছাদ ও মূল গেটের চাবি
ছবি: সংগৃহীত

ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষা এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ কার্যকর করতে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

নির্দেশিকায় বলা হয়েছে, বাড়ির মালিককে অবশ্যই ভবনটি বসবাসের উপযোগী রাখতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানি ও গ্যাসসহ ইউটিলিটি সেবা নিশ্চিত করতে হবে এবং নিয়মিত গৃহস্থালি বর্জ্য সংগ্রহের ব্যবস্থা রাখতে হবে। বাড়ির ছাদ, বারান্দা ও সামনের উন্মুক্ত স্থানে সবুজায়নের বিষয়েও বাড়িওয়ালা ও ভাড়াটিয়াকে যৌথভাবে উদ্যোগ নিতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি শতভাগ দিতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

ভাড়াটিয়াকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে। বাড়িওয়ালা বাধ্যতামূলকভাবে ভাড়ার লিখিত রশিদ দেবেন এবং ভাড়াটিয়াকে তা সংরক্ষণ করতে হবে। ভাড়াটিয়ার যেকোনো সময় ভবনে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।

নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে—

দুই বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না

ভাড়া বৃদ্ধি করা যাবে কেবল জুন–জুলাই মাসে

দুই বছর পর পারস্পরিক আলোচনার মাধ্যমে ভাড়া পুনর্নির্ধারণ করা যাবে

ভাড়া বৃদ্ধির হার সংশ্লিষ্ট এলাকার বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না

নির্ধারিত ভাড়া কার্যকর থাকবে কমপক্ষে দুই বছর

বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে লিখিত চুক্তিতে ভাড়া, অগ্রিম অর্থ, বাড়ি ছাড়ার শর্তসহ সব বিষয় স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এক থেকে তিন মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না।

নির্ধারিত সময়ে ভাড়া না দিলে প্রথমে মৌখিক সতর্কতা দিতে হবে। এরপরও ভাড়া পরিশোধ না হলে সর্বোচ্চ দুই মাসের লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল ও উচ্ছেদ করা যাবে। আবাসিক ভবনের ক্ষেত্রে উভয় পক্ষই দুই মাসের নোটিশে চুক্তি বাতিল করতে পারবেন।

সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো বিরোধ প্রথমে ওয়ার্ড বা জোনভিত্তিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। সমাধান না হলে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানানো যাবে।

ডিএনসিসি জানিয়েছে, নির্দেশিকাটি কার্যকর করতে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন করা হবে এবং ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের আইন মেনে চলতে সচেতন করা হবে।