রাজধানী
রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭
রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসক ডা. কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে আটক করেছে র্যাব।
রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে তাদের আটক করা হয়। প্রধান অভিযুক্ত মঈনকে আটক করা হয় নড়াইল থেকে।
মূলত, শুক্রবার হাসপাতালটিতে গিয়ে যুবদলের নাম ভাঙিয়ে স্থানীয় এক নেতার বিরুদ্ধে চাঁদার দাবিতে হুমকি দেয়ার অভিযোগ ওঠে। এসময় টাকা না পেয়ে, ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্তার অভিযোগও ওঠে।
সেদিন রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। তারা বলেন, অভিযুক্ত মইন উদ্দিনের সাথে যুবদলের কোন সম্পর্ক নেই। পাশাপাশি তারা আশ্বস্ত করেন, চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনার।
অভিযুক্ত মইন উদ্দিন শুধু এই শুক্রবারই নয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা-দাবি করে আসছিল স্থানীয় এই নেতা।
এমনকি চাপে ফেলতে ডা. কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।