কর্পোরেট

বর্ষসেরা সিইও পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেকের নিশাত তাসনিম শুচি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

বর্ষসেরা সিইও পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেকের নিশাত তাসনিম শুচি
বর্ষসেরা সিইও পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেকের নিশাত তাসনিম শুচি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ‘সিইও অব দ্য ইয়ার’ হিসেবে ভূষিত হয়েছেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলমকে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার দেয়া হয়।

শনিবার (২২ নভেম্বর, ২০২৫) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিশাত তাসনিম শুচির হাতে বর্ষসেরা সিইও ক্রেস্ট তুলে দেয়া হয়। মো. ফিরোজ আলমও তার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

চলতি বছর বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দেশের ব্যবসায়িক খাতের ২৪ জন শীর্ষ ব্যক্তিত্বকে স্বীকৃতি দিয়েছে। বার্ষিক একশ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে নিশাত তাসনিম শুচিকে ‘সিইও অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করছে। নিশাত তাসনিম শুচির নেতৃত্বে এসব পণ্য উন্নয়নের পাশাপাশি প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।