অর্থনীতি
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা
চলমান অর্থবছরে ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে কঠোর পদক্ষেপ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় সরকারি অর্থায়নে গাড়ি কেনা এবং বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) অর্থ বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা পাঠানো হয় বিভিন্ন দপ্তরে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে চালান বাজেট থেকে কোনো ধরনের যানবাহন কেনা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরনো, টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের প্রয়োজন হলে অর্থ বিভাগের পূর্বানুমতি নিয়ে সেই ব্যয় করা যাবে।
শুধু গাড়িই নয়, অবকাঠামো খাতে খরচেও থাকছে কড়াকড়ি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত ছাড়া নতুন কোনো সরকারি ভবন—বাসা বা অফিস—নির্মাণে ব্যয় করা যাবে না। যেসব প্রকল্পে ৫০ শতাংশের বেশি কাজ হয়ে গেছে, কেবল সেগুলো অর্থ বিভাগের অনুমতি নিয়ে চালানো যাবে।
উন্নয়ন বাজেট থেকেও যানবাহন কেনা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ভূমি অধিগ্রহণ বা থোক বরাদ্দের মতো খাতে ব্যয় করতে হলেও এখন থেকে অনুমতি নিতে হবে অর্থ বিভাগ থেকে।
বিদেশ সফর নিয়েও থাকছে কঠোরতা। উন্নয়ন প্রকল্পের আওতায় কোনো ধরনের বিদেশ সফর, সেমিনার, কর্মশালা বা সিম্পোজিয়ামে অংশগ্রহণ করা যাবে না। তবে বিদেশি সংস্থা, বিশ্ববিদ্যালয় বা সরকারের বৃত্তি ও ফেলোশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি পড়ার সুযোগ থাকছে। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যও কিছু নির্দিষ্ট সফরে অনুমতি মিলবে।
সব ধরনের ভ্রমণের ক্ষেত্রে আগের মতোই প্রধান উপদেষ্টার কার্যালয়ের ২০২৩ সালের ৯ ডিসেম্বরের জারি করা পরিপত্র অনুসরণ করতে বলা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার অপচয় বন্ধ করে অগ্রাধিকার খাতে ব্যয় বাড়ানোর কৌশল নিয়েছে। এই পদক্ষেপে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার অপচয় ঠেকানো যাবে, অন্যদিকে গুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ বাড়ানো সম্ভব হবে।