অর্থনীতি

বিদেশে হাদির চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

বিদেশে হাদির চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় অর্থ মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক এবং তা আরও স্থিতিশীল হবে। নির্বাচনি ব্যয় নিয়ে কোনো সমস্যা নেই; নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এর আগে রবিবার উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর পাঠানো হবে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুল্যান্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিক্যাল এয়ার অ্যাম্বুল্যান্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন; চিকিৎসকদের মতে, তার অবস্থা সংকটাপন্ন।