অর্থনীতি
৬৫ বছরের বেশি বয়সীদের লাগবে না ট্রেন ভাড়া, মেট্রোরেলেও ছাড়
দেশে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বড় ধরনের সুবিধা ঘোষণা করা হয়েছে। এখন থেকে এই বয়সসীমার ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি মেট্রোরেল ভাড়ায় তারা পাবেন ২৫ শতাংশ ছাড়।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিক, নিরাপদ ও দক্ষ করতে সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। রেলওয়ের সক্ষমতা বাড়ানো এবং আন্তঃদেশীয় সংযোগ বিস্তারের উদ্যোগও নেওয়া হয়েছে।
এছাড়া দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ জোরদার করার পরিকল্পনা রয়েছে। আধুনিক লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ওয়াগন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি দেশেই কোচ ও লোকোমোটিভ সংযোজন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
রেল চলাচল আরও নিরাপদ ও গতিশীল করতে ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল যোগাযোগ চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।