শিক্ষা
শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার
অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বৃদ্ধি দুই ধাপে কার্যকর হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে প্রথম ধাপে মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়িভাড়া হিসেবে দেওয়া হবে। এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি করা হবে, যার ফলে মোট বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে পৌঁছাবে। বিষয়টি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।
এর আগে সরকারের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ নির্ধারণ করে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। গত রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরে এই প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
তবে আন্দোলনরত শিক্ষকরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রেখেছেন। মঙ্গলবার তারা মুখে কালো কাপড় বেঁধে শহরে মিছিল করেন এবং একই সঙ্গে আমরণ অনশন শুরু করেন। অনশন কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
শিক্ষক নেতারা জানান, সরকার তাদের দাবির প্রতি মনোযোগ না দিলে আন্দোলন আরও তীব্র আকার নিতে পারে। তারা সরকারের কাছে চূড়ান্ত দাবি রাখছেন যাতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং তাদের মর্যাদা রক্ষা করা যায়।