শিক্ষা

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (২৫ অক্টোবর) বোর্ডের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ডের কর্মকর্তারা জানান, নিয়মানুযায়ী পুনর্নিরীক্ষণের আবেদনের ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসেবে আগামী ১৬ নভেম্বরই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করা হয় ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। এবারের আবেদন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন ছিল—শুধু অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবার আর এসএমএসের মাধ্যমে আবেদন করার সুযোগ ছিল না। একইসঙ্গে সরাসরি কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসেও আবেদন নেওয়া হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয় ১৬ অক্টোবর। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গতবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যা গতবারের তুলনায় ৭৬ হাজার ৮১৪ জন কম।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্টে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়।