শিক্ষা

আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম

আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার থেকে আবারও পূর্ণদিবস এবং অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মাসে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষাও অনিশ্চয়তায় পড়েছে।

গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে কর্মবিরতি শুরুর সিদ্ধান্ত থাকলেও তা এগিয়ে এনে আজ থেকেই কর্মসূচি শুরু হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনটি জানায়, গত ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হলেও প্রতিশ্রুত ১১তম গ্রেডের প্রজ্ঞাপনসহ অন্যান্য দাবিতে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় আন্দোলনে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহকারী শিক্ষকদের মূল তিন দফা দাবি হলো—

সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১১তম গ্রেডে উন্নীত করা,
১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা,
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫,৫৬৯টি, যেখানে কর্মরত শিক্ষক আছেন ৩ লাখ ৮৪ হাজারের বেশি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা এক কোটিরও বেশি।

এই কর্মবিরতি দীর্ঘ হলে দেশের প্রাথমিক শিক্ষায় বড় ধরণের অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।