শিক্ষা
উচ্চশিক্ষায় সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা ও সামাজিক খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনায় চার্লস হার্ডার উল্লেখ করেন, বাংলাদেশে বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পুষ্টিহীনতার মতো চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। এসব সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে স্কুল মিল, শিশুস্বাস্থ্যসহ সংশ্লিষ্ট খাতে আরও বিস্তৃত উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, সারাদেশে ‘মিড ডে মিল’ চালু, শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম প্রদান এবং বিদ্যালয়ে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষাকে আধুনিক ও আনন্দমুখর করতে কারিগরি শিক্ষার উন্নয়ন এবং ক্রীড়া ও কৃষি শিক্ষক নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।
এ সময় তিনি ইংরেজি শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর জন্যও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান এবং শিক্ষা খাতে চলমান সহায়তার জন্য ধন্যবাদ প্রকাশ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, উপদেষ্টা মাহ্দী আমিন, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মো. দাউদ মিয়া, অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।