বিনোদন
দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা
দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০২০ সালেও এই মুকুট জিতেছিলেন তিনি, তবে সে বছর করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়া হয়নি। এবার আবারও সেরা হয়ে দেশের প্রতিনিধিত্বের সুযোগ পেলেন মিথিলা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রীন হাউসে আয়োজিত জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মিথিলার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল ও ‘মিস বাংলাদেশ ২০০৭’ খেতাবজয়ী পিয়া জান্নাতুল।

বিজয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিথিলা বলেন, “আজ আমি যা কিছু হয়েছি, তা আমার মায়ের জন্যই। তিনি আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন শুধু আমার নয়, তারও।”
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব অর্জনের মধ্য দিয়ে মিথিলা এবার অংশ নেবেন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, যা নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে মিথিলা বলেন, “আমি গর্বের সঙ্গে দেশের নাম তুলে ধরতে চাই। সাহস, মর্যাদা আর আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের হয়ে লড়ব।”