সারাবিশ্ব
ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তরুণ ভোটাররা
২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি তরুণ ভোটারদের যে জোরালো সমর্থন দেখা গিয়েছিল, তা এক বছরের মধ্যেই উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রিপাবলিকান শিবিরের জন্য এটি ছিল বড় একটি সাফল্য, কারণ ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের একটি বড় অংশ তখন ট্রাম্পের প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়েছিল।
বিশেষ করে ‘বিশ্বের ইতিহাসে সেরা অর্থনীতি’ গড়ার প্রতিশ্রুতি তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে সময়ের সঙ্গে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তাদের মনোভাবেও পরিবর্তন আসতে শুরু করেছে।
ইউগভ ও দ্য ইকোনমিস্টের যৌথ জরিপ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে তরুণদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল প্রায় ৪৮ শতাংশ। কিন্তু কয়েক মাসের ব্যবধানে তা কমে বর্তমানে ২৫ থেকে ৩৩ শতাংশে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, এই পতন হঠাৎ নয়; বরং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান যত বাড়ছে, তরুণ প্রজন্মের আস্থা তত দ্রুত কমে যাচ্ছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান