আইন আদালত

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১০:০১ পিএম

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত কর্মকর্তা, সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক এ অভিযোগপত্র দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণ করে পেনাল কোডের ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ১১ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এ বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে আসামির সংখ্যা বাড়িয়ে ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ অনেকে অংশগ্রহণ করে। এসময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য রাখেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।