গণমাধ্যম
নতুন রূপে ফিরে আসছে ‘দ্য টাইমস অব বাংলাদেশ’, কাল থেকে প্রকাশ শুরু
আধুনিক উপস্থাপনা, বর্ধিত কলেবর এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে নতুন রূপে প্রকাশিত হতে যাচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’।
‘উইনডো টু দ্য ওয়ার্ল্ড’—এই ট্যাগলাইন ধারণ করে পত্রিকাটি দেশি ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পাঠকদের সামনে তুলে ধরবে এক ভিন্ন আঙ্গিকে। সংবাদপত্রটির নতুন লোগো ও রূপায়নও এই নতুন যাত্রার অংশ হিসেবে উন্মোচন করা হয়েছে।
পত্রিকাটির সম্পাদকীয় কার্যক্রম পরিচালনা করছেন একটি স্বাধীন সম্পাদনা বোর্ড, যারা রাজনৈতিক বা কর্পোরেট কোনো প্রভাবমুক্ত থেকে দায়িত্বশীল সাংবাদিকতায় প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, “আমরা কোনো প্রভাব বা পক্ষপাতের বাইরে থেকে কাজ করি। পেশাদারিত্ব, সততা ও স্বচ্ছতা আমাদের সম্পাদকীয় নীতির মূলভিত্তি। আমরা বিশ্বাস করি, কী সংবাদ হবে, কীভাবে তা উপস্থাপন করা হবে এবং কখন তা প্রকাশ করা হবে—এসব সিদ্ধান্ত কেবল পেশাদার সাংবাদিকতার মানদণ্ডেই নির্ধারিত হওয়া উচিত।”
‘দ্য টাইমস অব বাংলাদেশ’-এর কনটেন্ট হবে বিস্তৃত ও বিশ্লেষণধর্মী। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, খেলাধুলা, প্রযুক্তি, অপরাধ, বিনোদন ও সংস্কৃতির মতো বিভিন্ন খাতে গভীর বিশ্লেষণ ও চিন্তার খোরাক যোগাবে পাঠকদের।
শুধু মুদ্রিত সংস্করণ নয়, ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকাটি আসছে অনলাইন সংস্করণ ও ই-পেপার সহ। পাঠকরা তাদের মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাবলেট থেকে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে সংবাদ পড়তে পারবেন।
এ ছাড়া মাল্টিমিডিয়া কনটেন্ট—যেমন ভিজ্যুয়াল স্টোরিটেলিং, ভিডিও রিপোর্ট, টক শো ও লাইভ বিশ্লেষণ এর মাধ্যমে পত্রিকাটি পূর্ণাঙ্গ মিডিয়া অভিজ্ঞতা দিতে চায়।