গণমাধ্যম

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মৃত্যু
সাংবাদিক তরিকুল শিবলী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় প্রাণ হারালেন তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই সময় সরাসরি সম্প্রচারে (লাইভ) ছিলেন শিবলী। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সাংবাদিক সোহেল রানা জানান, “লাইভ করার সময় হঠাৎ শিবলী ভাই মাটিতে লুটিয়ে পড়েন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবারসহ বসবাস করতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।