রাজনীতি
রোকেয়া আর একুশে হলে কারচুপির অভিযোগ তুললেন ভিপি প্রার্থী আবিদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, অমর একুশে হলে গিয়ে কারচুপির প্রমাণ পেয়েছেন এবং রোকেয়া হলের শিক্ষার্থীরাও একই ধরনের অভিযোগ জানিয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদ বলেন, “সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাঁধা দেওয়া হয়েছে। প্যানেলের নাম্বার সিট দিতে গিয়েও বারবার বাধার মুখে পড়েছি। এমনকি ভোটকেন্দ্রের বাইরেও বাঁধার সম্মুখীন হয়েছি।”
তিনি অভিযোগ করেন, সকালে তার বিরুদ্ধে একটি বড় ধরনের প্রপাগান্ডা চালানো হয়, যাতে মূলধারার কিছু গণমাধ্যম বিভ্রান্ত হয়। পরে সংশোধনী দেওয়া হলেও নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
রোকেয়া হল প্রসঙ্গে তিনি জানান, সেখানকার এক নির্বাচনী কর্মকর্তা ছাত্রদল সমর্থিত এক প্রার্থীর ব্যালট নাম্বার বিতরণের অভিযোগ তুলে তার ছাত্রত্ব শেষ করার হুমকি দিয়েছেন। অথচ একই সময় শিবির সমর্থিত প্রার্থীদের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি।
আবিদ বলেন, “এত প্রার্থীর নাম আর নাম্বার মুখস্থ রাখা সম্ভব নয়। তাই ব্যালট নাম্বার বিতরণ স্বাভাবিক বিষয়।”
এ সময় তিনি ডাকসু নির্বাচন কাভার করতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করেন এবং এ নিয়ে ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ জমা দেওয়ার কথাও জানান।